পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালের ২৫ জুন। তাঁর বয়স তখন ৫০। আজ তাঁর জন্মদিন, বেঁচে থাকলে ৬৭ বছরে পা দিতেন তিনি। জীবন তাঁকে হাত ভরে দিয়েছিল ঐশ্বর্য। পেয়েছিলেন ১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ড। লাখো ক্যাসেট আর সিডি বিক্রি হয়েছে তাঁর। মাইকেল জ্যাকসন শুধু গান গাওয়া তারকা ছিলেন না; তিনি ছিলেন একাধারে গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা। সবচেয়ে বড় কথা, তিনি বদলে দিয়েছিলেন সংগীতবিশ্ব।
মৃত্যুর ১০ বছর পর একটি তথ্যচিত্রে নোংরাভাবে তুলে ধরা হয়েছে এই পপ তারকাকে। তাঁর বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। জ্যাকসন তত্ত্বাবধায়কেরা মনে করেন, তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য বহু বছর আগে মীমাংসিত একটি ঘটনাটিকে আবার সামনে নিয়ে এসেছে এইচবিও।




