২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে মোট ১০ লাখের বেশি শিক্ষার্থী কলেজে মনোনয়ন পেলেও জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থী এবারও কোনো কলেজে সুযোগ পায়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস পাঠিয়ে ফল দেখতে পারছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তঃশিক্ষা বোর্ড কমিটির তথ্য অনুযায়ী, এ ধাপে মোট ১০ লাখ ১৩ হাজার ৬৪১ জন শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রথম ধাপে মনোনীত হয়ে ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থী রয়েছেন ৭ লাখ ৮৯ হাজার ৩৩৫ জন। নতুন করে সুযোগ পেয়েছেন আরও দুই লাখ ২৪ হাজার ৩০৬ জন।
ফলাফলে দেখা গেছে, দ্বিতীয় ধাপে মোট আবেদন করেছিলেন ১০ লাখ ২৪ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে প্রায় ৯৯ শতাংশ কোনো না কোনো কলেজে মনোনয়ন পেয়েছেন। তবে ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী এবারও কোনো কলেজে সুযোগ পায়নি।




