আলোচনা সভা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে এ–সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন ডিআরইউর দপ্তর সম্পাদক রফিক রাফি।
বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে ডিআরইউতে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বহিরাগতদের হামলাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একদল ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন।




